সাকা চৌধুরীকে ‘নিরপরাধ’ দাবি, বিএফআরআই পরিচালকের বিরুদ্ধে মামলা

‘সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরি) যুদ্ধাপরাধী ছিল না’- এ মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, তিনি গত ২০ মে ফেসবুকে ১৯ এপ্রিল ও ২৮ মার্চ দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখতে পান। এসব প্রতিবেদনের একটি শিরোনাম ছিল ‘সাকা চৌধুরি কখনো যুদ্ধাপরাধী ছিল না : ড. রফিকুল হায়দার’ এবং আরেকটির শিরোনাম ছিল ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক যুদ্ধাপরাধীদের নিরপরাধ দাবি করে বক্তব্য’।

বাদী আরও উল্লেখ করেন, ড. রফিকুল হায়দার বিএফআরআইয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিরপরাধ বলে দাবি করেছেন। তার বক্তব্যের ৪৪ সেকেন্ডের একটি অডিও ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়। অডিওতে বাদী শুনতে পান, ‘সালাউদ্দিন কাদের যুদ্ধাপরাধী ছিল না। ভালো মানুষ ছিল। তার এলাকায় খবর নাও। তার একটাই দোষ হাসিনাকে আঘাত করেছে সংসদে দাঁড়িয়ে।’

চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিল না বলে মন্তব্য করায় বিএফআরআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বিএফআরআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার বলেন, আমি গাজীপুরে একটি মিটিংয়ে রয়েছি। পরে এ বিষয়ে কথা বলব।

মন্তব্য করুন

Your email address will not be published.