বাচ্ছু পাটোয়ারি,মীরসরাই, চট্টগ্রামঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলগামী সড়কের আবুতোরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, সরকারি দায়িত্ব পালন ও একটি তদন্ত–সংক্রান্ত কাজে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে আবুতোরাব এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, “সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা আসছেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ বলেন, “দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।