কক্সবাজারে দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই করল ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার 

রাতের আঁধারে বাড়ি ফিরছিলেন বিকাশের দোকানি মোহাম্মদ সাঈদ। পথে আগে থেকেই ওত পেতে ছিল চার যুবক। দুটি মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ছিনিয়ে নেওয়া হয় ২২ লাখ টাকা। রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকা সাঈদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন আহত সাঈদের স্বজনেরা।

আহত সাঈদ সদরের খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানে বিকাশের ব্যবসা করেন।

তার খালাতো ভাই হাবিবের ভাষ্য, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাঈদ। পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

হাবিব আরও বলেন, হামলার পর সাঈদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

হাবিবের দাবি, হামলাকারীদের মধ্যে ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদকে চিনতে পেরেছেন সাঈদ। তার নেতৃত্বেই এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে আহত সাঈদ স্বজনদের জানিয়েছেন। তবে অন্য তিনজনকে শনাক্ত করতে পারেননি তিনি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ২২ লাখ টাকা ছিনতাই ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

মন্তব্য করুন

Your email address will not be published.