ত্যাগের রাজনীতি থেকে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশায় বিএনপির পরীক্ষিত মুখ আরমান
তিনি নম্র ভদ্র হিসেবে কেঁওচিয়ায় খুবই পরিচিত -
নিজস্ব প্রতিবেদক
দলের কঠিন সময়ে পাশে থাকা ও নানা প্রতিকূলতার মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া—এমন একজন নেতাকেই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের একাংশ এবং স্থানীয়রা।
তাদের প্রত্যাশা, আসন্ন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর সাতকানিয়ার সাংগঠনিক উপজেলা যুবদলের সংগঠক ও কেঁওচিয়া ইউনিয়ন বিএনপি নেতা এবং দলের দুঃসময়ের পরীক্ষিত মুখ আরমান হোসেনকে চেয়ারম্যান প্রার্থী করা হোক। কারণ ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপির চরম দুঃসময়ে দল তার ওপর আস্থা রেখে দলীয় মনোনয়ন ও ধানের শীষ প্রতীক দিয়েছিল। ওই কঠিন সময়ে কেঁওচিয়া ইউনিয়নের মানুষ নির্ভয়ে ভালোবাসা ও সাহস নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আরমান দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিশেষ করে বিএনপির দুঃসময়ে তিনি মাঠে সক্রিয় ছিলেন বলে দাবি তাদের। বিভিন্ন সময় রাজনৈতিক চাপ ও হয়রানির মধ্যেও দলীয় কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল বলে জানান তারা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে শুধু নির্বাচনের সময় সক্রিয় ব্যক্তির চেয়ে দীর্ঘদিন মানুষের পাশে থাকা এবং সংকটে এলাকার মানুষের সঙ্গে থাকা ব্যক্তিকে তারা বেশি গুরুত্ব দিতে চান। তাদের মতে, আরমান দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
কেঁওচিয়া ইউনিয়নের এক বাসিন্দা বলেন, দলের সুসময় এলে অনেকেই পাশে থাকেন। কিন্তু দুঃসময়ে কে মাঠে ছিলেন, সেটাই মানুষের কাছে গুরুত্বপূর্ণ। আরমানকে আমরা কঠিন সময়েও দেখেছি। তাই তাকে এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
আরেক বাসিন্দা বলেন, কেঁওচিয়ার মানুষের সঙ্গে আরমানের দীর্ঘদিনের যোগাযোগ আছে। এলাকার সমস্যা ও মানুষের চাহিদা সম্পর্কে তার ধারণা রয়েছে। দল তাকে প্রার্থী করলে সাধারণ মানুষের সমর্থন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
স্থানীয় বিএনপির এক নেতা বলেন, রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এবং প্রতিকূল সময়ে দলের সঙ্গে থাকার বিষয়টি প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ। আরমান দুঃসময়ে নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন। এখন দল যদি যোগ্যতা ও মাঠের অবস্থান বিবেচনা করে, তাহলে তিনি একজন সম্ভাবনাময় প্রার্থী হতে পারেন।
চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে আরমান বলেন, আমি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছি। বিএনপির কঠিন সময়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থাকার চেষ্টা করেছি। রাজনীতি করেছি মানুষের জন্য। দল আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচনা করলে অবশ্যই নির্বাচন করার বিষয়ে আগ্রহী থাকব।
তিনি আরও বলেন, কেঁওচিয়ার মানুষের বিভিন্ন সমস্যা আমি কাছ থেকে দেখেছি। সুযোগ পেলে এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব কমাতে কাজ করতে চাই।
স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী পরিস্থিতির ওপরই প্রার্থী নির্ধারণ নির্ভর করবে।
প্রসঙ্গত, রাজনৈতিক জীবনে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আরমান হোসেন। তিনি সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেঁওচিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদল ও কেঁওচিয়া ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ ও একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি স্বচ্ছ ভাবমূর্তির (ক্লিন ইমেজ) কর্মী হিসেবেও পরিচিত।