মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালীর মাইজপাড়া এলাকার মোহাম্মদ সোহেল (৩০) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহত সোহেল কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জিয়াবুল করিমের ছেলে।
বুধবার (২৫ আগস্ট) বিকাল ৪ টায় নিজ বাড়িতে সুপারি গাছ কাটার সময় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে সোহেল সুপারি গাছ কাটতে দায়ের কোপ দিলে গাছের সাথে লাগানো বিদ্যুতের তারের সাথে স্পর্শ লাগে। সাথে সাথেই সে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ৩ নং ওয়ার্ড মেম্বার মাওলানা আবুল কাসেম ও নিহতের চাচা উপজেলা বিএনপি নেতা এখলাছুর রহমান।
নিহতের চাচা জানান, বাড়ির কিছু গাছ কাটার সময় বিদ্যুতের শর্ট লেগে তার মৃত্যু হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।