চট্টগ্রাম নগরের বাদামতলী মোড়ের ক্যাফে মোহাম্মদীয়া কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউসকে বাসি খাবার রাখা ও আয়োডিন ছাড়া লবণ ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এ জরিমানা করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতা এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের সার্বিক সহায়তায় হাজীপাড়া, চৌমুহনী, বাদামতলী, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এ অভিযান চালানো হয়।
এপিবিএন,৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
মুহাম্মদ হাসানুজ্জামান জানান, সকাল ১০টা থেকে পরিচালিত অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৮৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযানে বাসি খাবার, অস্বাস্থ্যকর উপায়ে রক্ষিত খাদ্যোপকরণ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।
তিনি জানান, ডবলমুরিং থানার হাজীপাড়ার এসবি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ ধ্বংস করা হয়েছে।
আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার লেমনগ্রাসকে ছাপানো নিউজপ্রিন্ট ব্যবহার করে খাদ্যোপকরণ (অন্থন সিট) সংরক্ষণ করায় ৩৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। অতিথি হোটেলকে নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, থালা-বাসন ধোয়ার কাজে জমানো পানি ব্যবহার, মূল্যতালিকা প্রদর্শন না করা ও কিচেনে খোলা ডাস্টবিন রাখায় ২০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ কর্মকর্তা।