চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় রতন দাস (৫০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত রতন দাস চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার বাসিন্দা।
সোমবার (৪ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া উপজেলার শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্কের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি।
পুলিশ জানিয়েছে, কাপ্তাই সড়কের শেখ রাসেল এভ্যিয়ারী অ্যান্ড ইকো পার্কের সামনে একটি ট্রাকের সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রতন দাশ নামে একজনের মৃত্যু হয়েছে। রতন দাশের মনদেহ ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মাহবুব মিল্কি বলেন, ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছে।