নির্বাচনি সহিংসতা: নরসিংদীতে ২ মৃত্যু

জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আশরাফ এবং চেয়ারম্যান প্রার্থী জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া এবং সালাউদ্দিন নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার-পাঁচ জন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বাঁশগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, নির্বাচনি সহিংসতায় দুই যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। তবে, ওই ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।

এদিকে, নরসিংদীর ১২ ইউনিয়নের অন্যান্য কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে টানা বিকাল চারটা পর্যন্ত। নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রায়পুরায় ১০ এবং নরসিংদী সদরে দুই ইউনিয়ন পরিষদের মোট ১১৫টি ভোটকেন্দ্রে ৫৩২টি ভোট কক্ষে ব্যালটের মধ্যমে চলছে ভোট গ্রহণ। নির্বাচনে চেয়ারম্যানে পদে মোট ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.