চকরিয়ায়” পৃথক সড়ক দুর্ঘটনায়” শিশুসহ দুইজন বাইক আরোহীর মৃত্যু

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সি শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন—ছয় মাসের শিশু আরহাম ও মাহবুবুর রহমান (৬২)।

এদিন দুপুর ১২টায় চকরিয়া থেকে টমটমে করে উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টমটমচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), তার বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সী মেয়ে আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হন। অন্য একজনের নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মাহবুবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

নিহতের ছেলে আবদুল আজিজ জানান, তার বাবা সৌদি-প্রবাসী ছিলেন। তিন মাস আগে দেশে ফিরেন। প্রতিদিনের মতো রোববার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে উত্তর হারবাং এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়।

নিহতের ভাগিনা ইলিয়াস আরমান জানান, দুপুরে মোটরসাইকেলে বন্ধুর বাড়িতে যাওয়ার সময় উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনাটি কেউ সরাসরি দেখতে না পাওয়ায় ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে ছয় মাস বয়সী শিশুটি মারা যায়। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.