মুক্তিযোদ্ধা গেজেট থেকে দুই চেয়ারম্যানের  নাম বাদ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে বিগত ১০ মার্চের এক প্রজ্ঞাপন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ১১নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যানসহ দুইজন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হওয়ায় আনন্দ র‍্যালী ও মিষ্টি বিতরণ করেছেন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।

শুক্রবার (১ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ র‍্যালী ও মিষ্টি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গেজেটে বাতিলকৃতরা হলো, হাফেজ আহমদ (বে. গেজেট ৬২২৯) ও বাবুল কান্তি দাশ (বে. গেজেট ২৮৯৭)।

র‍্যালী পূর্ব সমাবেশে বক্তারা বলেন, জালিয়াতি করে তারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে এতদিন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছে। এখন যেহেতু গেজেট বাতিল হয়েছে সকল সুযোগ-সুবিধাও বাতিল করা হবে। এ ছাড়া কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদ স্বাধীনতা বিরোধীদের মদদদাতা। মূলত, পিডিবিতে চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করার জন্য জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন। এমনকি মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে দুইবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন।

বক্তারা আরও বলেন, বিগত ৮-৯ মাস আগে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভার সিদ্ধান্ত মোতাবেক হাফেজ আহমদের গেজেট বাতিলের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। এরপর হাফেজ আহমদকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য প্রথমে সাধারণ নোটিশ ও পরবর্তীতে তিন দফায় চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়। কিন্তু হাফেজ কোনো নোটিশের জবাবও দেননি এবং হাজিরও হননি।

উল্লেখ্য, আনন্দ র‍্যালী ও মিষ্টি বিতরণ শেষে মুক্তিযোদ্ধাগণ উপজেলা পরিষদের হল রুমে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এক আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাদের সাহসী ভূমিকার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

Your email address will not be published.