ফটিকছড়িতে কিছুতেই থামছেনা রক্তপাত,আবারো ছুরিকাহত যুবক

কত রক্ত! আর কত জ্বালাপোড়া হলে অবসান ঘটবে এসবের?

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে হত্যা চেষ্টা ও নির্বিচারে গুলি করে ৬ জনকে আহতের রেশ কাটতে না কাটতেই আবারো সহিংসতার ঘটনা ঘটলো৷ এবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নোয়াত্যে পাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় আসাদুজ্জামান সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানতে চান। একপর্যায়ে তাদের সঙ্গে আসাদুজ্জামানের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

 

গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আবদুল মোনায়েম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, একটি ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান নামের একজনকে ছুরিকাঘাত করা হয়েছেন।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, উপজেলার কাঞ্চননগরে এক যুবক ছুরিকাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

মন্তব্য করুন

Your email address will not be published.