চট্টগ্রাম আদালত থেকেই ধরা সেই পাহাড়খেকো ইয়াসিন

চট্টগ্রাম আদালত চত্বর থেকে সীতাকুণ্ডের সলিমপুরের সন্ত্রাসী ও পাহাড়খেকো ইয়াসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে সীতাকুণ্ডের আলীনগরের ‘সম্রাট’ খ্যাত ইয়াসিনকে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে পুলিশের একটি টিম গ্রেপ্তার করে।

গত ১৫ জুলাই বিকালে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন উদ্যোগে সমন্বিত প্রাথমিক সমীক্ষার অংশ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যান। এ সময় আলীনগর প্রান্তে ইয়াসিন বাহিনীর নেতৃত্বে পরিদর্শন টিমের গাড়ি বহর থেকে স্থানীয় মেম্বারকে নামিয়ে মারধর করা হয়। এ ঘটনায় মেম্বারের ভাই বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে ইয়াসিন পলাতক ছিলেন।

জানা গেছে, ইয়াসিন সীতাকুণ্ডে ভূমিদস্যু ও পাহাড়খেকো হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন সলিমপুর এলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানার জায়গা দখলের রাজত্ব কায়েম করে।

ইয়াসিন আমিন জুট মিলের কর্মচারী ছিলেন। তার বাবা ছিলেন সিএনজিচালক। তার নামে হত্যা, গুম, সরকারি জায়গা দখলসহ নানা অভিযোগে অসংখ্য মামলা রয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ইয়াছিন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

মন্তব্য করুন

Your email address will not be published.