উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে শফি উল্লাহ ওরফে শফিক (৪০) নামে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। নিহত শফি উল্লাহ উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘মাঝি শফিক সকালে তার ক্যাম্পের একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান শেষে ফেরার পথে আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিত লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে শফি উল্লাহ মারা যান।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর দুষ্কৃতকারীদের ধরতে এপিবিএনের অভিযান চলছে।’

উখিয়া উপজেলার বালুখালী কতুপালং ক্যাম্প-৮ ইস্টের নিবাসী মোহাম্মদ ইকবাল জানান, শফি উল্লাহ মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধী নিয়ে সব সবময় সোচ্চার ছিলেন। হয়তো সে জন্য তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

মন্তব্য করুন

Your email address will not be published.