চট্টগ্রামেও বাবুল আক্তারের বাবা-ভাইয়ের জামিন

রাজধানীর ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনের পর এবার চট্টগ্রামে জামিন পেয়েছেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া ও ভাই হাবিবুর রহমান লাবু।

মঙ্গলবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির শুনানি শেষে জামিনের আদেশ দেন। এদিন আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম মওলা মুরাদ বলেন, আদালত শুনানি শেষে জামিন দিয়েছেন। তবে কতদিনের জামিন দিয়েছেন, সেটি আদেশ নিয়ে জানতে হবে।

জানা যায়, এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন। এ মামলার অপর দুই আসামির মধ্যে বাবুল আক্তারকেও গ্রেফতার দেখানো হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন। অপর আসামি সাংবাদিক ইলিয়াস হোসাইন মামলার শুরু থেকে পলাতক। তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর রাতে নগরীর খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর ইনচার্জ পুলিশ সুপার নাইমা সুলতানা।

মামলার অভিযোগে বলা হয়, বাবুল আকতারসহ অন্য আসামিরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। এর অংশ হিসেবে ইউটিউবার ইলিয়াস হোসেনকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ‘স্ত্রী খুন স্বামী জেলে খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’ শিরোনামে ফেসবুক ও ইউটিউবে ডকুমেন্টারি ভিডিও প্রচার করছেন। ভিডিওতে যে বক্তব্য রয়েছে তার মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

এর আগে একই ঘটনা এবং একই অভিযোগে গত বছরের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করেছিলেন। ওই মামলা ২ জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল থেকে জামিন নেন দুই আসামি।

মন্তব্য করুন

Your email address will not be published.