প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. ওসমানুল হকের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ওসমানুল হকের মৃত্যুবার্ষিকীতে সবার দোয়া কামনা করেছে তার পরিবার।
এছাড়া দিনটি উপলক্ষে মঙ্গলবার (৩ জানুয়ারি) পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
সাংবাদিক ওসমানুল হক নিজ কর্মস্থলের কাছে দুর্ঘটনাকবলিত হয়ে চট্টগ্রাম মহানগরের সেন্টার পয়েন্ট হাসপাতালে সাতদিন কোমায় থাকার পর ২০০৫ সালের ৩ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ওসমানুল হক দৈনিক ইত্তেফাকে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। ছাত্রজীবন থেকে ছিলেন রাজনীতি সচেতন। এরই ধারাবাহিকতায় ষাটের দশকে তৎকালীন চট্টগ্রাম মহকুমা (চট্টগ্রাম দক্ষিণ জেলা) দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় ফিরে বৃহত্তর সাতকানিয়ার (সাতকানিয়া-লোহাগাড়া) ডেপুটি কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। পরবর্তীসময়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
এছাড়া সাতকানিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি। দৈনিক আজাদীতে কর্মরত অবস্থায় তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে ট্রেজারারের দায়িত্ব পালন করেন। প্রচারবিমুখ এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হয়।