চড়া দামে চিনি বিক্রি, খাতুনগঞ্জে জেলা প্রশাসনের জরিমানা

খাতুনগঞ্জে বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় ৪ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত খাতুনগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এ সময় সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে চড়া দামে চিনি বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং অনিয়মের অপরাধে লক্ষ্মী নারায়ণ স্টোরকে ২ হাজার টাকা, নাহিদ ট্রেডার্সকে ২ হাজার টাকা, জমজম ট্রেডার্সকে ২ হাজার টাকা, নামবিহীন একটা দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করা হলেও চিনি উৎপাদনকারী মিলের বিষয়ে তথ্য হালনাগাদ করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চিনি নিয়ে অস্থির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সরকার নির্ধারিত দামের ব্যত্যয় করে চিনি বিক্রি করলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.