ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, বিকালে দূতাবাস উদ্বোধন

দূতাবাস খুলতে ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এদিন বিকালে রাজধানীর বনানীতে বাংলাদেশে দেশটির দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বিকাল ৪টায় উদ্বোধন শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে একটি নৈশভোজে অংশ নেবেন।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, এই সফরে কূটনৈতিক ও সরকারি ভিসা অব্যাহতি এবং ফুটবলে সহযোগিতা বিষয়ে চুক্তি, দুইদেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমি ও কৃষিখাতে সহযোগিতার বিষয়ে দু’টি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটিকে চমকে দিয়েছে। এ উন্মাদনা আর্জেন্টিতা তো বটেই, নজর কেড়েছে সারা বিশ্বের। ওই উন্মাদনা থেকেই বাংলাদেশের প্রতি বিশেষ নজর দেয় আর্জেন্টিনা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ঢাকায় আবারও দূতাবাস খোলার বিষয়ে চিন্তার কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ক্লডিও রোজেনওয়েইগ। এরপরই নেওয়া হয় এই উদ্যোগ।

মন্তব্য করুন

Your email address will not be published.