ফিনল্যান্ডে নাচে-গানে বাংলা বর্ষবরণ

 

চট্টগ্রাম ব্যুরো: কবিতা, নাচ, গান, কথামালায় সুদূর ফিনল্যান্ডেও বাংলা নববর্ষকে বরণ করেছেন দেশটিতে বসবাসরত বাঙালিরা।

ফিনল্যান্ডের হেলসেঙ্কির স্কুল মিলনায়তনে শনিবার (১৫ এপ্রিল) দিনভর ছিল বর্ষবরণের নানা আয়োজন। সেই মিলনায়তন যেন রূপ নিয়েছিল একখণ্ড রমনা বটমূল বা চট্টগ্রামের ডিসি হিল চত্বরে। হাজার বছরের ঐতিহ্য পয়লা বৈশাখের প্রাণের উৎসবে মাতেন শত শত বাঙালি।

ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি সাংবাদিক অনুরূপ টিটুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বৈশাখী মেলা আর গান নাচ আবৃত্তিতে তারা দেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন প্রবাসের বুকে। ষড়ঋতুর গানের সুরে সুরে বরণ করেন বাংলা নতুন বছরকে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ঋতুরঙ্গ।

‘এসো হে বৈশাখ’- সম্মিলিত কন্ঠে গানের মধ্য দিয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠানের পর্দা ওঠে। এরপর কখনো কবিতা, কখনো গান এবং নাচে মিলনায়তন মেতে ওঠে। বরিষ ধরার মাঝে, মন মোর মেঘের সঙ্গী, কিংবা আজ মন চেয়েছে সুরের অনুরণনে যেন অবগাহন করেছেন দর্শকেরা প্রিয় দেশের চেনা বর্ষায়। ‘শরৎ তোমার অরুনাঞ্জলি’ কিংবা ‘হেমন্তে কোন বসন্তে’ নাচের মধ্য দিয়ে ঋতুভিত্তিক দেশের ছবি ভেসে ওঠে।

কেউ পরিবেশন করেন হিমের রাতে ওই গানটি। এছাড়া শীতের হাওয়ায় লাগলো নাচন– গানের সঙ্গে নাচে অংশ নেন। ফাগুন হাওয়ায় হাওয়ায় গানেও কম নাচেনি মিলনায়তন। সর্বশেষ মেলায় যাইরে গানতো উন্মাতাল করেছে দর্শকদের।

বর্ষবরণ উপলক্ষে মিলনায়তনের এক পাশে বিভিন্ন রকমারি খাবার ও পোশাকের দোকান বসেছিল। মেহেদিতে হাত রাঙানোর সুযোগও ছিল। শিশুদের জন্য ছিল বায়োস্কোপ।

মন্তব্য করুন

Your email address will not be published.