চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালির বিজয়ের যাত্রা সূচিত হয়। মুক্তিযুদ্ধের সূচনাপর্বের এই ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। ঐতিহাসিক মুজিবনগর দিবস যারা স্মরণ করে না, তারা দেশপ্রেমিক নয়। তারা জাতীয় বেঈমান, পাকিস্তানের অনুচর।’
সোমবার (১৭ এপ্রিল) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী ও নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার বক্তব্য দেন।