চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার সুযোগকে সকলের কাছে সমানভাবে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে, আগামী ২০৪১ সাল নাগাদ আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত। কারণ উন্নত বিশ্বের দেশগুলো তো এরই মধ্যে স্মার্ট দেশে রূপান্তরিত হয়েছে।’
‘এমনকি অনেক উন্নয়নশীল দেশও স্মার্ট দেশে রূপান্তরের পথে অনেক দূর এগিয়ে গেছে। তাই দেশের উন্নতি এবং অগ্রযাত্রা ধরে রাখতে হলে দেশকে অনেকটাই উন্নত বিশ্বের কাছাকাছি নিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারটি মূলভিত্তি নির্ধারণ করা হয়েছে। সেগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্মেন্ট ও স্মার্ট সোসাইটি।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার সুযোগকে সকলের কাছে সমানভাবে পৌঁছে দিয়েছেন। তিনি বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছেন, বিভিন্ন বৃত্তি-উপবৃত্তি দিচ্ছেন, নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনাবেতনে অধ্যয়নের সুযোগ দিয়েছেন। ফলে জেলা-উপজেলা-ইউনিয়ন থেকে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ আরও অবারিত হয়েছে। আপনাদের সকলকে এই সুযোগ কাজে লাগাতে হবে।’
দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাতকানিয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি সোহরাব হোসেন মিন্টুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শিকদার, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, সহ-প্রচার সম্পাদক নঈমুল ইসলাম চৌধুরী হারুন, রুপ কুমার নন্দী খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান খোকন, মো. ইউনুছ, শাহ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তাজ উদ্দীন বেলাল, রুপম দাশ, মো. হারুন, শিক্ষক প্রতিনিধি লাভলী তালুকদার, রুমানা আক্তার, মাহফুজা বেগম, সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্ঝর বড়ুয়া জয়, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমু, পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. এমরান, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এস এন নুর রুবেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মিজানুর রহমান জয় ও হাবিবুর রহমান।