ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে মতিন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মো. জসিমও।
শুক্রবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে রামগড় সড়কের দাঁতমারা ইউপির নন্দীরস্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন (৪০) নারায়ণহাট ইউপির চাঁনপুর হাজি বাড়ির মো. ইসহাকের ছেলে।
নিহতের স্বজন শহিদুল ইসলাম বলেন, মতিনের ভাতিজিকে পাশের এলাকা শান্তিহাটে বিয়ে দেন। আজকে সেখানে দাওয়াত খেতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আলতাব উদ্দিন বলেন, মতিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।