চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দুই ব্যক্তির মারামারির মধ্যে ‘জ্ঞান হারিয়ে’ একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে নগরীর পতেঙ্গা থানার চরপাড়া গোল্ডেন বীচ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
মৃত মো. আলমগীর (৫০) পতেঙ্গার চরপাড়ার বাসিন্দা। তিনি ভাসমান পান-সিগারেট বিক্রেতা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন সারাবাংলাকে জানান, চরপাড়া গোল্ডেন বীচ এলাকায় এক ভাতের দোকানির সঙ্গে আলমগীরের ঝগড়া হয়। একপর্যায়ে দু’জন মারামারিতে জড়িয়ে পড়ে।
মারামারির মধ্যে আলমগীর জ্ঞান হারিয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।