আগামী ১৫ জুন (বৃহস্পতিবার) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবী সংগঠন সাতকানিয়া মানবতার ব্লাড ডোনার্স সোসাইটি।
ওইদিন সাতকানিয়া পৌরসভার কলেজ রোড সিটি হকার্স মার্কেটের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হবে। চলবে দুপুর ২টা পর্যন্ত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জুবায়ের। বিশেষ অতিথি থাকবেন পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুল আলম সোহেল।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসূচিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চট্টগ্রাম সংবাদ।
এ বিষয়ে সাতকানিয়া মানবতার ব্লাড ডোনার্স সোসাইটি’র প্রতিষ্ঠাতা মো. রায়হান বলেন, মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এই সেবার গুরুত্বের শেষ নেই। কারণ আমাদের দেশে বছরে রক্তের চাহিদা থাকে প্রায় ৮-১০ লাখ ইউনিট। এই অবস্থায় কারো স্বেচ্ছায় রক্তদানের বিষয়টি অতি তুচ্ছ নয়, বরং তা বীরত্বের পরিচায়ক। তাই কারো প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে আমাদের সবারই উচিত স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে অংশগ্রহণ করা।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে আন্দোলনে পরিণত করা। রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করা এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ।