চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথাস্থ মডেল মসজিদের সামনে রবিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নাজমুল মোস্তফা আমিনের পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘু ঘু ধান খেয়ে ফেলবে। আমাদের বিজয় সুনিশ্চিত। আগামীতে ধানের শীষের বিজয়ের সুনামি আসছে।”
আমির খসরু আরও উল্লেখ করেন, বিএনপির সভাপতি তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছেন, যা থেকে কেউ বাদ থাকবে না। তিনি নেতাকর্মীদের অতীত ত্যাগের প্রশংসা করে বলেন, শুধু জেতাই নয়, বিশাল ব্যবধানে জয় অর্জন করতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। সভায় উপস্থিত ছিলেন নাজমুল মোস্তফা আমিন, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দলের অঙ্গসংগঠনের বিশিষ্ট নেতাকর্মীরা।