পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে যারা লুটপাট করেছে, দুর্নীতি, গুম, হত্যার রাজনীতির সঙ্গে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে– আমরা শুধু তাদের বিরুদ্ধে কথা বলেছি, তাদের শাস্তি চাচ্ছি।
সোমবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত তাঁর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ আলমগীর আরও বলেন, ‘আপনারা সবাই ১২ তারিখ সকাল ৭টার মধ্যে ভোট সেন্টারে এসে ধানের শীষকে বিজয়ী করুন। আমি ওয়াদা দিচ্ছি, আমি সব সময় আপনাদের পাশে থাকব।’
আলমগীর হোসেন পিরোজপুর-১ আসনের উন্নয়নে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমি পিরোজপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হলে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে পিরোজপুরে ১৮০ দিনের মধ্যে অর্থনৈতিক জোন স্থাপন করা হবে। পিরোজপুর পৌরসভাসহ উপজেলার রাস্তাঘাট, অবকাঠামোর উন্নয়ন, নাজিরপুরের ফেলে রাখা উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা হবে। এ ছাড়া পিরোজপুরের নদীভাঙন কবলিত জিয়ানগরে (ইন্দরকানী) উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
জনসভা শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে একটি মিছিল বের করা হয়।