ওসমান গণি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১ মে) ভোর সাড়ে চারটার দিকে ইউনিয়নের দরবার রাস্তার মাথা এলাকার ‘ধোলুর অটোরিকশা গ্যারেজে’ এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ গ্যারেজটিতে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তার আগেই ভেতরে থাকা ২৭টি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় গ্যারেজে থাকা গাড়িগুলো রক্ষা করা সম্ভব হয়নি। এতে গ্যারেজ মালিক ও রিকশা চালকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। অনেক চালক তাদের উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে এখন দিশেহারা।