ফটিকছড়িতে টিলা কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি এলাকায় অবৈধভাবে টিলা কাটার অভিযোগে মোঃ মঈন উদ্দিন নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩মে) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটিয়ালছড়ি এলাকায় আকস্মিক অভিযান চালানো হলে মোঃ মঈন উদ্দিনকে এক্সকাভেটর দিয়ে টিলা কাটার সময় হাতেনাতে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন হাজারিখিল রেঞ্জের রেঞ্জ অফিসার সিকদার আতিকুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, “পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ টিলা কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

Your email address will not be published.