মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

 

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া জান্নাত (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।নিহত সুরাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার বাসিন্দা মাওলানা আরিফুল রহমানের মেয়ে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী ইম্পেরিয়াল পরিবহণের একটি বাস এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের অপর একটি বাস চুনতি বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বাস দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া জান্নাত মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।দুর্ঘটনায় নারী শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.