কক্সবাজারে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী গুরুতর আহত হন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া হাজীঘোনা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লিমা আক্তার (২৫) ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় জসিম উদ্দিন গুরুতর আহত হন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রুবেল ও আখতার কামাল জানান, টানা বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের বসতবাড়ির ওপর পড়ে। এতে লিমা আক্তার ও তার স্বামী জসিম উদ্দিন মাটিচাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন পাহাড়ি এলাকায় এখনো ভূমিধসের ঝুঁকি রয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।