পাইন্দং মাদরাসায় দাখিলের ছাড়পত্রে ২ হাজার টাকা নেওয়ার অভিযোগ, অভিভাবকের ক্ষোভ

 

নাজিম উদ্দীন ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং হেদায়তুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার ছাড়পত্র (টিসি) নিতে এক শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই শিক্ষার্থীর মামা মাস্টার আজিজ।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছর পাইন্দং হেদায়তুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন শিক্ষার্থী মাহিয়া। আলিম প্রথম বর্ষে ভর্তির জন্য গত ২০ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে ছাড়পত্র নিতে গেলে তাঁর মামার কাছে ২ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

মাস্টার আজিজের দাবি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাড়পত্রের জন্য ৪০০ থেকে ৫০০ টাকা নেওয়া হয় উল্লেখ করে তিনি ১ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে মাদ্রাসার সহকারী সুপার মাওলানা খোরশেদুল আলম তাঁকে জানান, এটি মাদ্রাসার সিদ্ধান্ত এবং ছাড়পত্র নিতে ২ হাজার টাকাই দিতে হবে। পরে তিনি ২ হাজার টাকা দিয়ে ছাড়পত্র গ্রহণ করেন বলে জানান।

তিনি আরও বলেন, একই দিন তাঁর ভাগ্নি মাহিয়াকে নাজিরহাট আহমদিয়া মিল্লিয়া কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে ১ হাজার টাকা দিয়ে ভর্তি করানো হয়েছে। এ অবস্থায় ছাড়পত্রের জন্য ২ হাজার টাকা নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এ ঘটনায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন মাস্টার আজিজ।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, “কোনো প্রতিষ্ঠান মার্কশিট বা প্রশংসাপত্রের জন্য জোরপূর্বক টাকা নিতে পারবে না। এ বিষয়ে ইউএনও স্যারের নির্দেশনা রয়েছে। টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে পাইন্দং হেদায়তুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপারের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিভাবক ও সংশ্লিষ্টদের দাবি, শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা প্রয়োজন।

মন্তব্য করুন

Your email address will not be published.