মো. সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে মো. রিয়াজ (২১) নামে এক যুবককে গাছের বাটাম ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার বারদোনা এলাকায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত রিয়াজ দুই দিন পর শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে রিয়াজকে কয়েকজন মিলে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা নাজিম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে মোবাইল চুরির অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’ সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ‘মোবাইল চুরির অভিযোগে রিয়াজকে মারধর করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তাকে গাছের বাটাম ও লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে রিয়াজ আদৌ মোবাইল চুরি করেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।