নিজস্ব প্রতিবেদক
প্রতি কেজি কাঁচা তামাকের আমদানি মূল্য দেখানো হয়েছে ১ ডলার ৪৫ সেন্ট। অথচ একই ধরনের পণ্যের শুল্কায়ন মূল্য ৫ ডলার ১০ সেন্ট। ঘোষিত দামের এমন ব্যবধানের মধ্যে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ টন কাঁচা তামাকের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
১০টি কন্টেইনারে আনা এ তামাক দিয়ে ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৪ কোটি টাকা। চালানটির আমদানি মূল্যের অসংগতি থেকে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্ব ঝুঁকি দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড বন্ড সুবিধায় চালানটি আমদানি করে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, একই এইচএস কোডের পণ্য প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করা হলেও এ চালানে প্রতি কেজির ঘোষিত মূল্য মাত্র ১ দশমিক ৪৫ ডলার।
এ হিসাবে প্রচলিত শুল্কায়ন মূল্যের তুলনায় ঘোষিত মূল্য উল্লেখযোগ্যভাবে কম। এ পার্থক্যের কারণে শুল্ক-কর ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
তবে ২১ কোটি ১২ লাখ টাকার রাজস্বের হিসাবটি প্রাথমিক। চালানটির প্রকৃত আমদানি মূল্য, প্রযোজ্য শুল্ক-কর ও অন্যান্য তথ্য যাচাই করে চূড়ান্ত রাজস্ব নির্ধারণ করা হবে।
বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত শর্ত অনুযায়ী উৎপাদনে ব্যবহারের কথা। এ ক্ষেত্রে আমদানি করা পণ্যের প্রকৃত ব্যবহার, উৎপাদনের পরিমাণ এবং উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা জরুরি।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব হিসাব যথাযথভাবে যাচাই করা না হলে আমদানি পর্যায়ের পাশাপাশি উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রেও শুল্ক-কর ফাঁকির ঝুঁকি তৈরি হতে পারে।
তাঁদের মতে, আমদানি করা তামাকের পরিমাণের সঙ্গে উৎপাদিত সিগারেটের হিসাব ও বাজারজাতকরণের তথ্য মিলিয়ে দেখা প্রয়োজন। এতে বন্ড সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য রাজস্ব ফাঁকির বিষয়টিও যাচাই করা সম্ভব হবে।
এ কারণে আটক তামাকের আমদানি মূল্য, পণ্যের ব্যবহার ও সংশ্লিষ্ট রাজস্বের বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।
চালানটি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সাকিব রায়হান। তিনি জানান, চালানটির আমদানি মূল্য, অসংগতি ও সম্ভাব্য রাজস্ব ঝুঁকি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।