আরো পড়ুন
লোহাগাড়ায় অটোরিকশাচালক নুরুল আলমকে (৫৫) গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পশ্চিম তৈবারের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তৈবারের পাড়া বায়তুল মামুর জামে মসজিদের উত্তর পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা করে অটোরিকশাটি নিয়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহত নুরুল আলম সাতকানিয়া পৌরসভার মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই নুর উদ্দিন জানান, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।