হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন, আ’লীগের সাবেক এমপির বাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট 

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান রেলের কর্মীরা। পরে তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর হাওর এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান রেলের কর্মীরা। পরে তারা এগিয়ে গিয়ে বগির ভেতরে আগুন জ্বলতে দেখেন। আগুনে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশন মাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদে মুসল্লিদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিও ঠিক ছিল।

জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া একটার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য করুন

Your email address will not be published.