চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করা ইকরাম গুলিবিদ্ধ বাংলাদেশ

 

টিবিএস রিপোর্ট

 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় শিক্ষা বোর্ডের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ইকরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চট্টগ্রামের পাঁচলাইশে গুলিবিদ্ধ হয়েছেন অপরাধজগতের আলোচিত ব্যক্তি ইমতিয়াজ সুলতান ইকরাম। একসময় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ওরফে সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিত ইকরামকে লক্ষ্য করে তার অনুসারীরা গুলি চালিয়েছেন বলে অভিযোগ করেছেন স্ত্রী রুমা আক্তার স্মৃতি। ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তার পর থেকেই ইকরামের ওপর হুমকি ছিল বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় শিক্ষা বোর্ডের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ইকরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুমা আক্তার স্মৃতির অভিযোগ, বড় সাজ্জাদ গ্রুপের সদস্যরা পূর্ববিরোধের জেরে তার স্বামীকে লক্ষ্য করে গুলি করেছেন। তবে হামলার সঙ্গে বড় সাজ্জাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ টিবিএসকে বলেন, ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের সময় ইকরাম ও তার স্ত্রী পুলিশকে সহায়তা করেছিলেন বলে তথ্য পাওয়া গিয়েছিল। এরপর থেকেই ইকরামের ওপর হুমকি ছিল বলে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, ‘ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর থেকে ইকরামের ওপর হুমকি ছিল বলে আমরা মনে করছি। আজকের ঘটনার সঙ্গে সেই বিরোধের যোগসূত্র থাকতে পারে বলে আমাদের ধারণা। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।’

আমিনুর রশিদ আরও বলেন, ইকরাম একসময় বড় সাজ্জাদ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য রয়েছে। পরে তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে আগে অস্ত্র মামলা থাকার তথ্যও শুনেছেন বলে জানান তিনি। তবে ইকরামের বিরুদ্ধে বর্তমানে কতটি মামলা রয়েছে এবং সেগুলোর সর্বশেষ অবস্থা কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

গুলিবিদ্ধ ইকরামের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ইকরাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

একাধিক মামলায় আসামি, অস্ত্রসহ গ্রেপ্তারের তথ্য
ইমতিয়াজ সুলতান ইকরাম একরামুল হক নামেও পরিচিত। নগরের মুরাদপুর এলাকায় তার বাড়ি। তার বাবা মো. ইসহাক মিয়া। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে থাকার পর দেশে ফেরেন তিনি।

২০২৪ সালের জুনে পাঁচলাইশ থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে সময় পুলিশ জানিয়েছিল, পাঁচটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে নগরের বায়েজিদ লিংক রোডের আরেফিন নগর এলাকা থেকে দুটি বিদেশি পিস্তলসহ ইকরামকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করেছিলেন ইকরাম।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ইকরামের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬টি গুলি উদ্ধার করা হয়েছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন নয়াহাট এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় করা মামলার অভিযোগপত্রেও তার নাম ছিল। ওই ঘটনায় ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। মামলায় বড় সাজ্জাদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইকরাম একসময় ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন। তবে তার পরিবারের দাবি, তিনি ব্যবসায়ী এবং ষড়যন্ত্র করে অস্ত্র দিয়ে তাকে ফাঁসানো হয়েছে।

ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তার পর হুমকির অভিযোগ
ইকরামের সঙ্গে বড় সাজ্জাদের বিরোধের সূত্রপাত ২০২৫ সালের মার্চে। ওই বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ গ্রেপ্তারে ইকরাম ও তার স্ত্রী রুমা আক্তার স্মৃতি পুলিশকে সহায়তা করেছিলেন।

এর পাঁচ দিন পর, ২০ মার্চ পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে মামলা করেন রুমা আক্তার স্মৃতি। তার অভিযোগ ছিল, ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা করায় বড় সাজ্জাদ ও তার অনুসারীরা তাদের হুমকি দিচ্ছেন। ওই সময় তাদের বাসায় পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছিল। এরপর থেকেই বড় সাজ্জাদের সাবেক সহযোগী ইকরামের সঙ্গে তার গ্রুপের বিরোধ প্রকাশ্যে আসে।

নব্বইয়ের দশক থেকে আলোচনায় বড় সাজ্জাদ
বড় সাজ্জাদ ওরফে সাজ্জাদ আলী খান চট্টগ্রামের অপরাধজগতের দীর্ঘদিনের আলোচিত নাম। নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় তার বাড়ি। তার বাবা আবদুল গণি কন্ট্রাক্টর। নব্বইয়ের দশকের শেষ দিকে চট্টগ্রামের অপরাধজগতে তার নাম আলোচনায় আসে।

১৯৯৯ সালের ২ জুন পাঁচলাইশ ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর লিয়াকত আলী খান হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে। সংবাদমাধ্যমের পুরোনো প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালের ১ অক্টোবর তাকে একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি দেশের বাইরে অবস্থান করেন। বিদেশে থেকেও চট্টগ্রামের অপরাধজগতের একটি অংশ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বায়েজিদ, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় বড় সাজ্জাদ গ্রুপের সদস্যদের তৎপরতার অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। নুরুন্নবী ম্যাক্সন ও সরোয়ার হোসেন বাবলাসহ অপরাধজগতের আরও কয়েকজনের সঙ্গে তার যোগাযোগের তথ্যও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ছোট সাজ্জাদ গ্রেপ্তারের পর বড় সাজ্জাদ গ্রুপের অনুসারী হিসেবে রায়হান ও মোবারক হোসেন ইমনের নাম আলোচনায় আসে। তাদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ফরেস্ট গেট এলাকায় ইকরামের ওপর হামলায় কারা জড়িত, কী কারণে এ হামলা এবং এর পেছনে কারও নির্দেশনা ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.