চকরিয়ায় নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, আটক ৩

 

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর তিন সহযোগী সংগঠন—ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল বের করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় এই মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী একত্রিত হয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মশাল জ্বালিয়ে স্লোগান দেন।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। আটকদের মধ্যে একজন ১৮ বছর বয়সী আরফাত নোমান এবং অপর দুজন ১৭ বছর বয়সী কিশোর।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল থেকে তিনজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান ও এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.