মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেটের দৈনিক সম্মানী বাড়লো 

অনলাইন ডেস্ক

মোবাইল কোর্ট পরিচালনার জন্য সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দৈনিক সম্মানী বাড়িয়ে আড়াই হাজার টাকা নির্ধারণ করেছে। একই সঙ্গে মোবাইল কোর্টে দায়িত্ব পালনকারী প্রসিকিউশন কর্মকর্তা, পেশকার ও অফিস সহায়কদের সম্মানীও পুনর্নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল কোর্ট পরিচালনাকারী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক সম্মানী পাবেন ২ হাজার ৫০০ টাকা।
প্রসিকিউশন কর্মকর্তার দৈনিক সম্মানী নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০০ টাকা। এছাড়া পেশকার পাবেন ১ হাজার টাকা এবং অফিস সহায়ক পাবেন ৮০০ টাকা।
সম্মানী পুনর্নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি শর্তও দিয়েছে অর্থ বিভাগ। এর মধ্যে রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নিজস্ব সম্পদসীমার (রিসোর্স সিলিং) মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে।
এজন্য অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। সম্মানী পরিশোধের সময় উৎসে কর বিধিমালা-২০২৬ অনুযায়ী কর কর্তনসহ প্রযোজ্য আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঝুঁকিভাতা পান এমন কোনো কর্মকর্তা-কর্মচারী এই সম্মানী পাবেন না। সম্মানী পরিশোধে কোনো আর্থিক অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায় নিতে হবে।
নতুন এই সম্মানীর হার প্রজ্ঞাপন জারির দিন অর্থাৎ ১১ নভেম্বর থেকেই কার্যকর হবে। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী নির্ধারণে অর্থ বিভাগের ২৭ আগস্ট ২০২০ তারিখের আগের আদেশটি বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন

Your email address will not be published.