আগামীর সময়, ডেস্ক রিপোর্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখার খবর পাওয়া গেছে। তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বুধবার জাতীয় দৈনিক আগামীর সময় এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে বলা হয়, ডিবির একটি দল হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীর আলমকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
তবে তাঁকে আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। আগামীর সময়কে তিনি বলেন, জাহাঙ্গীর আলম তাঁর অধীনস্থ কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে মঙ্গলবার তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিআইজি বলেন, ‘সে আটক কিংবা গ্রেপ্তার হলে তো আমি সবার আগে জানব। আমি নিশ্চিত করছি, তাকে আটক-গ্রেপ্তার করা হয়নি।’
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। জাহাঙ্গীর আলমের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ডিআইজি বলেন, ‘যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধুমাত্র মোবাইল দুইটা আমাদের হেফাজতে রাখা হয়েছে।’
জাহাঙ্গীর আলম বর্তমানে চট্টগ্রামে আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।