চন্দনাইশে তেঁতুল গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমদ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ আহমদ বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘীর পাড় এলাকার বাসিন্দা। সে ওই এলাকার সিএনজিচালক মোহাম্মদ সোহেলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তেঁতুল পাড়তে গাছে উঠেছিল কিশোর শেখ আহমদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ১৩ বছর বয়সী কিশোরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.