রাজধানীতে এক যুবদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, গুলিবর্ষণ

 

এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় যুবদলের এক নেতাকে তুলে নেওয়ার চেষ্টা ও তাকে লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

যুবদল নেতা সাঈদ হোসেন সাহিদের অভিযোগ, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে মগবাজার রেলগেট এলাকায় ২০-২৫ জনের একটি দলকে জড়ো হতে দেখেন তিনি। তাদের পরিচয় জানতে চাইলে তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলা হয়।

সাহিদ নিজের রাজনৈতিক পরিচয় দেওয়ার পর ওই দলের কয়েকজনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তিরা পাঁচটি মোটরসাইকেল ফেলে চলে যায়।

মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা মহড়া
সাহিদ এ ঘটনার জন্য হাতিরঝিল থানা আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদ, তার ছেলে ওয়াহিদ এবং তেজগাঁও স্বেচ্ছাসেবক লীগের নেতা নয়ন ও তার ছেলে ইমনসহ কয়েকজনকে দায়ী করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘মগবাজার রেলগেটের সামনে পাঁচটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সেগুলো থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

মন্তব্য করুন

Your email address will not be published.