নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি ও সমাজসেবা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ২টার পর এ ঘটনা ঘটে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে সরকারি কার্যালয় দুটিতে আগুন লাগার খবর পান। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুর কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে নাশকতামূলক অগ্নিকাণ্ড বলে ধারণা করছেন।
সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে রাত আড়াইটার পর তিনি অফিসে যায়। ততক্ষণে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের পেছনে কেরোসিনের বোতল পাওয়া গেছে। পেছন দিক থেকে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে আমার ধারণা।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া জানান, বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে জানানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পরিষদ কার্যালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।