চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের লগি-বইঠা হাতে মিছিল

চাতরী চৌমুহনী বাজারে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স-

চট্টগ্রামের আনোয়ারায় হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী। এ সময় তাদের কয়েকজনের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। একপর্যায়ে তারা স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক বাড়ির সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া গাছ কেটে সড়ক অবরোধেরও চেষ্টা করেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়। এতে ২০ থেকে ৩০ জন যুবককে হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হয়ে মিছিল করতে দেখা যায়।

এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’সহ বিভিন্ন স্লোগান দেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষেও স্লোগান দিতে শোনা যায় তাদের।

ভিডিওর একপর্যায়ে কয়েকজনকে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। তাদের কারও হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।

স্থানীয় সূত্রের দাবি, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের পৈতৃক নিবাসসংলগ্ন পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের আল-আমিন কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। সংসদ সদস্যের বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন। পরে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে আগুন ধরিয়ে এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন তারা।

 

ঢাকা পোষ্ট

মন্তব্য করুন

Your email address will not be published.