নিজস্ব প্রতিবেদক
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ক্ষুরধার লেখনী ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মানবদীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬’ গ্রহণ করেছেন জীবননগর মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছ থেকে তিনি এই সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠনের অভিষেক ও আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হকের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সম্পাদক স্বপন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি জনাব এস. এম. মজিবুর রহমান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি অভিনেতা ডি এ তায়েব।
সাংবাদিকতা ও কলাম লেখার ক্ষেত্রে এইচ এম হাকিম দীর্ঘদিন ধরে সমাজের নানা অসঙ্গতি, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, যুব সমাজের অবক্ষয় রোধ, মাদকবিরোধী সচেতনতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিষয়ে নিরলসভাবে লিখে চলেছেন।
তাঁর লেখা সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচিত কলাম পাঠকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং সমাজ সংস্কার ও সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। অ্যাওয়ার্ড প্রাপ্তির পর সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম তাঁর এই সম্মাননাটি জীবননগর মানবিক সংগঠনের সাথে জড়িত সকল নিবেদিতপ্রাণ সদস্য ও স্বেচ্ছাসেবকদের মাঝে উৎসর্গ করেন। তিনি তাঁর অনুভূতি প্রকাশ ও আলোচনায় জীবননগর মানবিক সংগঠনের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন, যার মধ্যে রয়েছে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, জরুরি মানবিক সহায়তা প্রদান এবং আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়া।
জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা (ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটি) জাহাঙ্গীর আলম রয়েল, পারফেক্ট ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম শাহরিয়ার কবির, জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি হাজী শাহজাহান মিয়া, আল মদিনা ডেলিভারি সার্ভিসের (দুবাই) ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মোঃ মনির, সোহেল গাজী আকাশ, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ জসীম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমান রাজু এবং শেখ শাহ কামাল (শ্যামল) সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।