মো সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। পরে আদালতের নির্দেশনায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধার করা গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করেছে।’
রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানতে পারে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর সি ব্লকের সাব-ব্লক সি-১২-সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ইজিবাইকে অবস্থান করছেন। এমন খবরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালানো হয়।’
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে রুবেল ও অজ্ঞাতপরিচয় তিন-চারজন ব্যক্তি ইজিবাইকের পেছনের যাত্রী বসার স্থানে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে সাতটি সাধারণ গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইকটিও জব্দ করা হয়।’
এসআরবি-১৫ আরও জানায়, উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিবহন ও সংরক্ষণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে গ্রেনেডগুলো ধ্বংসের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ (নন-জিআর) ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখাকে বিস্ফোরকগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার নির্দেশ দেন।’
আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করে।’