টেকনাফে সংরক্ষিত বনে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অতর্কিত হামলায় আহত ৩

হামলায়ও পিছপা হননি টেকনাফের রেঞ্জার শরীফুল-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বনভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করার সময় বন কর্মকর্তা ও স্টাফদের উপর চিহ্নিত বনখেকোদের অতর্কিত হামলা।

২৫শে নভেম্বর (বুধবার) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: শরীফুল আলমের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে স্থানীয় সন্ত্রাসী আরিফের নেতৃত্বে দূর্বৃত্তরা এই হামলা চালায় বলে বন বিভাগ নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সন্ত্রাসী আরিফ টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ডের সিরাজ মেম্বারের ছেলে।

টেকনাফ রেঞ্জ সূত্রে জানা যায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের বৈদ্যঘোনা এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা দুটি নির্মাণাধীন আধাপাকা ঘর ভেঙ্গে প্রায় ১.০৫একর বনভূমি উদ্ধার করেন। অভিযানের প্রায় শেষ পর্যায়ে সিরাজ মেম্বারের ছেলে সন্ত্রাসী আরিফের নেতৃত্বে অবৈধভাবে বনভূমি দখল ও স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িত অপরাপর ভূমিদস্যুরা পরিকল্পিতভাবে টেকনাফ বন বিভাগের অভিযান পরিচালনাকারী কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

ঘটনায় রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম বলেন- আরিফের সন্ত্রাসী ঘটনার সময় পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলায় বন বিভাগের স্টাফ ও কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যসহ মোট ৩ জন আহত হন।

পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে টেকনাফ থানায় আইনি পদক্ষেপ গ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

তিনি আরো বলেন, বনভূমি রক্ষা, অবৈধ দখলদারীত্ব প্রতিরোধ এবং সরকারি বনসম্পদ সংরক্ষণে বন বিভাগের নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।

অপরদিকে বনকর্মীও বনকর্মকর্তাদের উপর হামলার বিষয়ে স্থানীয়রা বলেন,বনভূমি দখলমুক্ত করার মতো সরকারি দায়িত্ব পালনকালে বনকর্মীদের উপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক অনাকাঙ্ক্ষিত।

মন্তব্য করুন

Your email address will not be published.