বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ চেকপোস্ট বসিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোঃ খুরশিদ আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ১০নং চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ সংলগ্ন পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ খুরশিদ আলম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার সাইদুল হকের বাড়ির মোক্তার আহমেদ ও আনোয়ারা বেগমের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আমিন জুট মিল উত্তর গেট সংলগ্ন ১নং গলির করিম টাওয়ার এলাকার এরশাদের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম (বিপিএম)-এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জের (ওসি) মোঃ রবিউল হক এর তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল চাম্বলের ছড়ারব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সন্দেহভাজন হিসেবে একটি ইয়ামাহা এফজেড ভার্সন-২ (Yamaha FZ V2) মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় খুরশিদ আলমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়।
বাঁশখালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।