মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ও লুণ্ঠিত মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার ও জব্দ করা হয়েছে।’
কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই বিশেষ অভিযান চালায়।’
চকরিয়া থানাধীন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদমনি উত্তরপাড়ায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১২ নভেম্বর (২০২৬) রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে একদল সংঘবদ্ধ ডাকাত জানালার গ্রিল ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে।’
ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ও মারধরের ভয় দেখিয়ে স্টিলের আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও ইমিটেশনের তিনটি চেইনসহ মূল্যবান মালামাল লুট করে। এ সময় তারা ঘরে থাকা ১৪৯ সিসির একটি ইয়ামাহা এফজেডএস
-এফআই ভি৩ ডিলাক্স মডেলের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’
এ ঘটনায় ভুক্তভোগী পারভেজ মোশাররফ বাদী হয়ে তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতসহ ৯ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন।’
গত ১২ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কক্সবাজারের চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উচিতার বিল এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।’
ভুক্তভোগী পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভুক্তভোগী (বাদী) ও তার পরিবারের সদস্যরা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে চিহ্নিত ডাকাত তৌহিদসহ অজ্ঞাতনামা একদল ডাকাত কৌশলে বসতঘরের বারান্দার (বেলকনি) গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।’
পরে ডাকাতরা তাদের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র (বন্দুক), ধারালো দা, লোহার হাতুড়ি ও বৈদ্যুতিক শক মেশিনের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং বেধড়ক মারধর করে জখম করে। একপর্যায়ে ডাকাত দল ঘর থেকে ৩টি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং আনুমানিক ১৩ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা) লুট করে পালিয়ে যায়।’
এ ঘটনায় ভুক্তভোগী আলী আকবর (৫৯) বাদী হয়ে ডাকাতদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে চকরিয়া থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা (মামলা নং-১৩) রুজু করা হয়।
অন্যদিকে, মামলার বাদী জান্নাতুল নাঈম আফসানার স্বামী ভুক্তভোগী গিয়াস উদ্দিনের (৪৫) সঙ্গে তৌহিদ ও বাদল ডাকাত বাহিনীর পূর্ববিরোধ ছিল। এর আগেও আসামিরা গিয়াস উদ্দিনকে অপহরণ ও হত্যার চেষ্টা চালালে তিনি চকরিয়া থানায় একটি মামলা (জিআর নং-১৪৩/২৩) দায়ের করেন। এ ছাড়া প্রাণনাশের হুমকির ঘটনায় ২০২৩ সালের ৭ এপ্রিল তিনি চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি নং-৩৩৭) করেছিলেন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে গিয়াস উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মাতামুহুরী সেতুর ওপর পৌঁছালে তৌহিদ ডাকাতসহ অন্যান্য আসামিরা একটি প্রাইভেটকার দিয়ে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে আসামিরা তাকে বেধড়ক মারধর করে এবং স্টিলের টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করে। একপর্যায়ে তারা গিয়াস উদ্দিনকে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং হত্যার পর মরদেহ বিবস্ত্র অবস্থায় মাতামুহুরী সেতুর ওপর ফেলে রেখে যায়।’
এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে ডাকাত তৌহিদসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১ অক্টোবর চকরিয়া থানায় একটি হত্যা মামলা (মামলা) রুজু করা হয়।’
চাঞ্চল্যকর ও দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বিশ্বস্ত সোর্স নিয়োগের মাধ্যমে ডাকাত সর্দার ও চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছিল চকরিয়া থানা পুলিশ ও কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।’
এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর ২০২৬ ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ ‘ডাকাত তৌহিদ’-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তৌহিদ চকরিয়ার আলোচিত গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ও মূল হত্যাকারী।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল, বিদেশি ইমিটেশনের সোনালি রঙের ৩টি চেইনসহ অন্যান্য মালামাল উদ্ধার ও জব্দ করা হয়েছে।’
বর্ণিত মামলাসমূহের তদন্তকালে চাঞ্চল্যকর ও লোমহর্ষক সব তথ্য বেরিয়ে আসতে শুরু করে। বিশ্বস্ত সূত্র ও পারিপার্শ্বিক তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রাথমিকভাবে জানা গেছে, ডাকাত তৌহিদের কাছে ডাকাতি এখন নেশা ও পেশায় পরিণত হয়েছে। মাদকাসক্ত ব্যক্তির মতো ডাকাতি করতে না পারলে সে স্বাভাবিক থাকতে পারে না।
তার অপরাধজগতে হাতেখড়ি হয় বাবা কাশেম ডাকাতের হাত ধরে। একইভাবে তার ভাই জাহেদ ডাকাতেরও অপরাধজগতে প্রবেশ ঘটে তারই মাধ্যমে। এ ছাড়া চকরিয়ার কুখ্যাত ডাকাত সর্দার ও দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরু চোর নবী হোসেন প্রকাশ নইব্যা চোরা তৌহিদের অপরাধী চক্রের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে জানা গেছে।’
ডাকাত তৌহিদ একজন নিখুঁত কারিগরের মতো প্রতিটি ডাকাতির ঘটনা ঘটায়। তার নিজস্ব বিশ্বস্ত সোর্স রয়েছে, যার ফলে পুলিশ অভিযানের উদ্দেশ্যে বের হওয়া মাত্রই সোর্সরা তাকে আগাম তথ্য দিয়ে সতর্ক করে দেয়। ইতোপূর্বে তার অপর এক সহযোগী ডাকাত বাদলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাত তৌহিদের বিরুদ্ধে আন্তঃজেলার বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ ২৫টিরও বেশি মামলা রয়েছে।’
ডাকাত তৌহিদের অন্যতম সহযোগী হিসেবে তাঁর স্ত্রী রুমা আক্তারের নাম পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ডাকাতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে তিনি নিজের ও স্ত্রীর নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। কাকারার লোটনি এবং বান্দরবান জেলার ফাইতংয়ে তাঁর একাধিক বহুতল ভবন রয়েছে। অভিযোগ রয়েছে, এসব ভবনের আন্ডারগ্রাউন্ডে লুণ্ঠিত মালামাল সংরক্ষণ এবং সহযোগী ডাকাতদের মধ্যে তা ভাগ-বাঁটোয়ারা করা হতো।’
তৌহিদের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় রয়েছে বলে জানা গেছে। ডাকাতির অর্থ দিয়ে বাড়িঘর ও সম্পদ গড়ে তোলার প্রলোভন দেখিয়ে তিনি বাহিনীর সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন।’ পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, চুরি ও সিঁধেল চুরিসহ ২৫টিরও বেশি মামলা রয়েছে।’
সিএমপির কর্ণফুলী, চান্দগাঁও ও বাকলিয়া থানা; চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ ও লোহাগাড়া থানা; বান্দরবান জেলার লামা থানা এবং কক্সবাজার জেলার সদর, রামু, ঈদগাঁও ও চকরিয়া থানায় এসব মামলা দায়ের করা হয়। এ ছাড়া চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।’
এছাড়া অপরাধলব্ধ অর্থ দিয়ে চকরিয়া থানাধীন কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় একটি তিনতলা ভবন এবং বান্দরবান জেলার লামা থানাধীন ফাইতং এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য পাওয়া গেছে। চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় তার নিজের পাশাপাশি আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তার অপরাধলব্ধ অর্থের উৎস, সম্পদের প্রকৃত মালিকানা এবং সহযোগীদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।’
পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কুখ্যাত খুনি ও ডাকাত তৌহিদকে গ্রেপ্তার করা চকরিয়া থানা পুলিশসহ কক্সবাজার জেলা পুলিশের একটি উল্লেখযোগ্য সাফল্য। জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ ডাকাত দল, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’