নিজস্ব প্রতিবেদক :
মডেল-অভিনেত্রী গ্রেফতারের পর ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। মডেলদের সঙ্গে সম্পর্ক ফাঁসের হুমকি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে একটি চক্র। সোমবার (৯ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদফতরে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, মডেল ইস্যুতে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের তালিকার কথা বলে একটি চক্র চাঁদাবাজিতে নেমেছে। এই চক্রটি সমাজের বিশিষ্টজনদের কাছে ফোন করে তালিকায় তাদের নাম থাকার কথা বলে চাঁদা দাবি করছে।
এখন পর্যন্ত তিনজন বিশিষ্ট ব্যক্তি এ ধরনের চাঁদাবাজির শিকার হওয়ার কথা পুলিশকে জানিয়েছেন। ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ এ ধরনের কোনো তালিকা করেনি। এমন তালিকার কথা বলে যারা বাণিজ্যে নেমেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। শফিকুল ইসলাম বলেন, মডেল-অভিনেত্রী গ্রেফতারের পর ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। আমরা চাই না করোনাকালে এমন আতঙ্ক ছড়াক। বিনা কারণে কারও সম্মানহানি ঘটুক। কেউ যাতে মিডিয়া ট্রায়ালের শিকার না হন সে জন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
যারা ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু আইনে মামলা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার অনুরোধ করেন, যদি ব্যবসায়ী মহলের কারও কাছে বা সমাজের কোনো নাগরিকের কাছে এমন তালিকার কথা বলে চাঁদা চেয়ে কেউ ফোন করে, তাহলে সঙ্গে সঙ্গে তারা যেন বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। সেই সঙ্গে অডিও বা ভিডিও থাকলে তা যেন তদন্তের স্বার্থে সংরক্ষণ করে রাখেন।