নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়।
বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে ফোন করে তাকে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন তিনি। তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, বাসটির চালক ভেতরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ অতিরিক্ত গরম অনুভব হওয়ায় তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় তিনি গাড়িতে আগুন জ্বলতে দেখেন।
ওসি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। কেউ নাশকতার উদ্দেশ্যে আগুন লাগিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।