নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) কোতোয়ালী থানাসহ নগরীর আরও দুটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কায়েস (২৩), নজরুল ইসলাম আনু (২৫), সাজ্জাদ হোসেন সজীব (২৭)। কোতোয়ালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় আমাদের টহল পুলিশ একটি দেশীয় এলজি ও কার্তুজসহ কায়েসকে গ্রেফতার করে। কায়েস জিজ্ঞাসাবাদে অস্ত্রটি আনু ও সাজ্জাদের কাছ থেকে কিনেছে বলে জানায়। এরপর হালিশহর থানা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। আনু ও সাজ্জাদ জানায় তারা ওবায়দুল হাসান আলভী (২৮) নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনেছেন। আলভীর বাসায়ও অভিযান চালানো হয়েছে। তাকে পাওয়া যায়নি। এদের চার জনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।’
আরো পড়ুন